Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেকবার্তা

প্রচ্ছদ / অর্থনীতি
১১:১১ অপরাহ্ণ, ৭ জুলাই ২০২৬

সিআইএস ও পূর্ব ইউরোপে রপ্তানির নতুন দিগন্ত খুলতে চায় সরকার, ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান

সিআইএস ও পূর্ব ইউরোপে রপ্তানির নতুন দিগন্ত খুলতে চায় সরকার, ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বাংলাদেশের রপ্তানি বাজার আরও বহুমুখী করা এবং পূর্ব ইউরোপ ও কমনওয়েলথ অব ইন্ডিপেনডেন্ট স্টেটস (সিআইএস) অঞ্চলের দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে সরকার নতুন উদ্যোগ গ্রহণ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে দেশের ব্যবসায়ী সমাজকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি।

মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কমনওয়েলথ অব ইন্ডিপেনডেন্ট স্টেটস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (CIS-BCCI)-এর পরিচালনা পর্ষদ ও কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার বিশ্বের সম্ভাবনাময় হলেও এখনো পর্যাপ্তভাবে কাজে লাগানো হয়নি—এমন অঞ্চলগুলোর সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে পূর্ব ইউরোপ ও সিআইএসভুক্ত দেশগুলোর সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে সরকার নানা উদ্যোগ বাস্তবায়ন করছে।

তিনি বলেন, বাংলাদেশের রপ্তানি আয়ের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে নতুন বাজার খুঁজে বের করা এবং বিদ্যমান বাজারের বাইরে বাণিজ্য সম্প্রসারণের কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে সিআইএস অঞ্চলের দেশগুলো বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, আর্মেনিয়া, আজারবাইজান, বেলারুশ, কাজাখস্তান, কিরগিজস্তান, মলদোভা, রাশিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তান বাংলাদেশের বিভিন্ন পণ্যের জন্য সম্ভাবনাময় বাজার। এসব দেশে বাংলাদেশের রপ্তানি আরও বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে।

তিনি ব্যবসায়ী প্রতিনিধিদলগুলোর পারস্পরিক সফর বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে বলেন, এ ধরনের সফরের মাধ্যমে নতুন বিনিয়োগ, যৌথ উদ্যোগ এবং বাণিজ্য সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে সিআইএসভুক্ত দেশগুলোর শীর্ষস্থানীয় চেম্বার অব কমার্স ও শিল্প সংগঠনগুলোর মধ্যে সহযোগিতা জোরদার হলে ব্যবসায়ী-থেকে-ব্যবসায়ী (B2B) সম্পর্ক আরও শক্তিশালী হবে।

শামা ওবায়েদ ইসলাম ব্যবসায়ী নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সিআইএস অঞ্চলে বাংলাদেশের ওষুধ, পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, সিরামিক, হিমায়িত চিংড়ি, উষ্ণমণ্ডলীয় ফল এবং তথ্যপ্রযুক্তি (আইটি) খাতের পণ্য ও সেবা রপ্তানির বিপুল সম্ভাবনা রয়েছে। এসব সুযোগকে কাজে লাগিয়ে দ্বিপক্ষীয় বাণিজ্য আরও সম্প্রসারণে উদ্যোগ নিতে হবে।

বৈঠকে বাংলাদেশি পণ্যের আন্তর্জাতিক ব্র্যান্ডিং, বাণিজ্য ও বিনিয়োগ মেলা আয়োজন, সিআইএস দেশগুলোর সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ চালু, সংশ্লিষ্ট রাজধানীগুলোতে বাংলাদেশের আবাসিক কূটনৈতিক মিশন প্রতিষ্ঠা এবং ব্যাংকিং ও আর্থিক লেনদেনে বিদ্যমান জটিলতা দূর করার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বেসরকারি খাতের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে সিআইএস অঞ্চলের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

বৈঠকে উপস্থিত ব্যবসায়ী নেতারাও সিআইএস অঞ্চলে বাংলাদেশের রপ্তানি সম্প্রসারণ এবং নতুন বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে সরকারের ধারাবাহিক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি তারা বাণিজ্যিক প্রতিবন্ধকতা দূর করে পারস্পরিক অর্থনৈতিক সম্পর্ক আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Advertise with us
আরও বিবেকবার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম