Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেকবার্তা

প্রচ্ছদ / জাতীয়
৫:২৭ পিএম, ২৬ জুলাই ২০২৬

সদ্য বিদায়ি রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই -স্বরাষ্ট্রমন্ত্রী

সদ্য বিদায়ি রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই -স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আইন অনুযায়ী সদ্য বিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। সংবিধান অনুযায়ী আগামী ছয় মাস নিরাপত্তাসহ রাষ্ট্রের সব সুযোগ-সুবিধা তিনি পাবেন।

রোববার (২৬ জুলাই) দুপুরে সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদানের বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, স্বৈরাচারের শেষ দিকে, অন্তর্বর্তী সরকারের পুরো সময় এবং বর্তমান সরকারের প্রায় ছয় মাস সময়ে সাংবিধানিকভাবে তিনি দায়িত্ব পালন করেছেন। বিধিবিধান অনুযায়ী তিনি এ দায়িত্ব পালন করেছেন। আমরা রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি। সেই সময়টায় সংবিধান অনুসারে তিনি প্রিভিলেজড ছিলেন, তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধ কিংবা এ বিষয়ে আদালতে কোনো মামলা করা যায় না। এর বহির্ভূত কোনো সময়ে যদি কেউ কোনো বক্তব্য দিয়ে থাকে, সেটিতে তাদের স্বাধীনতা আছে। তবে আমরা আমলে নেওয়ার মতো কোনো বিষয় এখানে দেখিনি।

সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ি রাষ্ট্রপতির টেলিফোনের কথা প্রসঙ্গে তিনি বলেন, ‘কথা বলার জন্য কি সত্যিই লন্ডন যেতে হয়? এই ইন্টারনেটের যুগে পৃথিবীর যেকোনো প্রান্তে বসেই যোগাযোগ করা সম্ভব। তাই লন্ডনে গিয়ে কথা বলতে হবে, এমন দাবি আমার কাছে একেবারেই অলীক মনে হয়।’

রথযাত্রা প্রসঙ্গে তিনি বলেন, ‘রথযাত্রা ও উল্টো রথ, দুই উৎসবই যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করেছি। সরকারের গোয়েন্দা সংস্থাগুলোও সমন্বিতভাবে দায়িত্ব পালন করেছে।’

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর প্রসঙ্গে তিনি বলেন, তাকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। তার বিষয়ে দুবাই সরকার যত কাগজপত্র চেয়েছে, সেগুলো পাঠানো হয়েছে।

পুলিশ সদস্যদের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা নিজ দায়িত্ব ও কর্তব্যের সঙ্গে দেশের সেবা পালন করবেন, তাদের সরকার পুরস্কৃত করবে। তবে এর ব্যত্যয় ঘটলে তাদের জন্য তিরস্কার রয়েছে।

এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও বিবেকবার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com