আন্তর্জাতিক বাণিজ্য, বাণিজ্য আইন, অর্থনৈতিক গবেষণা ও দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটকে (বিএফটিআই) একটি শক্তিশালী জাতীয় ‘থিঙ্কট্যাংক’ হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।
মঙ্গলবার রাজধানীর বিএফটিআই সম্মেলনকক্ষে অনুষ্ঠিত প্রতিষ্ঠানের ৬৩তম পরিচালনা পর্ষদের সভায় সভাপতির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এ কথা জানান।
বাণিজ্যমন্ত্রী জানান, চীন, ভারত, যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের প্রভাবশালী অর্থনীতির দেশগুলোর বাজার পরিস্থিতি, বাণিজ্যিক প্রবণতা, সম্ভাব্য ঝুঁকি এবং অর্থনৈতিক পরিবর্তন নিয়ে বিএফটিআই নিয়মিত গবেষণা চালাবে। এই গবেষণাগুলো সরকারের নীতিনির্ধারণ এবং বেসরকারি খাতের ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, “দেশের ভবিষ্যৎ বাণিজ্যিক স্বার্থ সুরক্ষায় বৈশ্বিক বাণিজ্যব্যবস্থা ও অর্থনৈতিক পরিবর্তন নিয়ে গভীর গবেষণার কোনো বিকল্প নেই। বিএফটিআইকে সে লক্ষ্যেই নতুন পরিকল্পনায় শক্তিশালী করা হচ্ছে। আমাদের প্রয়োজনীয় অর্থায়নের কোনো সংকট নেই, প্রয়োজন ছিল দীর্ঘমেয়াদি দিকনির্দেশনার; যা এখন শুরু হয়েছে।”
উক্ত পর্ষদ সভায় মোস্তফা আবীদ খানকে বিএফটিআই-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগের অনুমোদন দেওয়া হয়।
সভায় আরও জানানো হয় যে, দেশের বাণিজ্যনীতি ও রপ্তানি সক্ষমতা বাড়াতে বিএফটিআই বেশ কিছু গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে উল্লেখযোগ্য:
উক্ত সভায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী, বাণিজ্যসচিব মো. আতাউর রহমান খান, ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ, বিএফটিআইয়ের বিদায়ী ভারপ্রাপ্ত সিইও সাইফ উদ্দিন আহমেদ এবং পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমানসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।