আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ক্রিকেট প্রাঙ্গণ ছাড়ছেন না বেন স্টোকস। ভবিষ্যতে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন সাবেক এই অলরাউন্ডার। একই সঙ্গে ইংল্যান্ডের অধিনায়কত্ব বন্টন ও দলের নেতৃত্ব সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে নিজের স্পষ্ট মতামত দিয়েছেন তিনি।
‘ফর দ্য লাভ অব ক্রিকেট’ পডকাস্টে স্টোকস জানান, খেলোয়াড়ি জীবন শেষ হওয়ার আগেই তিনি লেভেল–৩ কোচিং কোর্স সম্পন্ন করছেন, যাতে অবসরের পর কোচিং পেশায় দ্রুত যুক্ত হতে পারেন।
স্টোকস বলেন, “আমি জানি ক্রিকেটে থেকে ভবিষ্যতে আমি কী করতে চাই। আমি কোচ হতে চাই এবং একদিন ইংল্যান্ডের কোচ হতে পারলে সেটা অবশ্যই দারুণ ব্যাপার হবে। খেলোয়াড় হিসেবে না হলেও, ড্রেসিংরুম থেকে অন্যভাবে দলকে নেতৃত্ব দেওয়ার ভাবনাটা আমার পছন্দ।”
২০২৭ সালের অ্যাশেজে অবসর ভেঙে মাঠে ফেরার কোনো সম্ভাবনা রয়েছে কি না—সাবেক সতীর্থ জস বাটলারের এমন প্রশ্নে স্টোকসের সোজাসাপ্টা জবাব ছিল, “একদমই না।”
স্টোকসের অবসরের পর সহ-অধিনায়ক হ্যারি ব্রুককে সরাসরি অধিনায়কের দায়িত্ব না দিয়ে সাময়িক বা ভিন্ন কোনো সিদ্ধান্ত নেওয়ায় বিস্ময় প্রকাশ করেন তিনি। বোর্ডের এই নীতির সমালোচনা করে স্টোকস বলেন, “আপনি যদি মনে করেন কেউ নেতৃত্ব দেওয়ার যোগ্য, তবে তাকে সরাসরি সেই দায়িত্ব দেওয়া উচিত। সহ-অধিনায়ক থাকা সত্ত্বেও মূল অধিনায়ক না খেললে তাকে দায়িত্ব না দেওয়ার সিদ্ধান্তটা অধিনায়কের আত্মবিশ্বাস কমিয়ে দেয়। এতে তার কাছে কী বার্তা যায়?”