Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেকবার্তা

প্রচ্ছদ / অর্থনীতি
৯:৪৯ পিএম, ৪ আগস্ট ২০২৬

বিদায়ী অর্থবছরে লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায় ৮৭ হাজার ৫২৭ কোটি টাকা কম

বিদায়ী অর্থবছরে লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায় ৮৭ হাজার ৫২৭ কোটি টাকা কম
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বিদায়ী অর্থবছরেও রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কয়েক দফা সংশোধন করে ৫ লাখ ৩ হাজার কোটি টাকা রাজস্বের লক্ষ্যমাত্রা ধরা হলেও অর্থবছর শেষে আদায় হয়েছে ৪ লাখ ১৫ হাজার ৪৭৩ কোটি টাকা। এ হিসাবে লক্ষ্যমাত্রার তুলনায় আদায় কম হয়েছে ৮৭ হাজার ৫২৭ কোটি টাকা। শতকরা হিসাবে লক্ষ্যমাত্রার তুলনায় ১৭ শতাংশ আদায় কম হয়েছে।

মঙ্গলবার এনবিআর প্রকাশিত হালনাগাদ তথ্যে রাজস্ব আদায়ে এমন চিত্র উঠে এসেছে।

তথ্যানুযায়ী, আগের (২০২৪-২৫) অর্থবছরে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৩ লাখ ৭০ হাজার ৮৭৫ কোটি টাকা। এ হিসাবে বিদায়ী (২০২৫-২৬) অর্থবছরে রাজস্ব আদায় বেড়েছে ৪৪ হাজার ৫৯৮ কোটি টাকা। লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও আগের অর্থবছরের তুলনায় বিদায়ী অর্থবছরে ১২ শতাংশের বেশি প্রবৃদ্ধি হয়েছে। এরমাধ্যমে প্রথমবারের মতো রাজস্ব আদায়ে ৪ লাখ কোটি টাকার মাইলফলক স্পর্শ করেছে এনবিআর।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিদায়ী অর্থবছরের শুরুতে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা। কিন্তু অর্থবছরের পাঁচ মাসের মাথায় ৫৫ হাজার কোটি টাকা বাড়িয়ে ৫ লাখ ৫৪ হাজার কোটি টাকা লক্ষ্যমাত্রা ধরা হয়। কিন্তু পরবর্তীতে সেটিকে সংশোধন করে ৫ লাখ ৩ হাজার কোটি টাকা নির্ধারণ করে সরকার। তবে এনবিআর কর্মকর্তারা ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা রাজস্ব আদায় হতে পারে বলে ধারণা করেছিলেন। কিন্তু তাদের ধারণার চেয়েও ১৫ হাজার কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে।

এদিকে বিদায়ী অর্থবছরের জুন মাসে ৬০ হাজার ৯১৫ কোটি টাকার বিপরীতে ৫৪ হাজার ৫২৩ কোটি টাকা রাজস্ব আদায় করেছে এনবিআর। এর আগের অর্থবছরের জুন মাসে রাজস্ব আদায় হয়েছিল ৪৩ হাজার ৮৯ কোটি টাকা। এ হিসাবে বিদায়ী অর্থবছরের জুনে আগের একই সময়ের তুলনায় রাজস্ব আদায় বেশি হয়েছে ২৬.৫৪ শতাংশ।

এ বিভাগের আরও খবর

কমল স্বর্ণের দাম
১ সপ্তাহ আগে

Advertise with us
Advertise with us
আরও বিবেকবার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com