রবার্ট লেভানডফস্কির বিকল্প হিসেবে আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে আগ্রহী বার্সেলোনা। তবে আতলেতিকো মাদ্রিদের এই তারকাকে পেতে মাত্রাতিরিক্ত অর্থ খরচ করতে রাজি নয় কাতালান ক্লাবটি।
ক্লাব কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, আলভারেজের জন্য দেওয়া ১০ কোটি ইউরোর প্রাথমিক প্রস্তাব থেকে এক ইউরোও বাড়াবে না তারা। অন্যদিকে নিজেদের অন্যতম সেরা এই অস্ত্রকে এ মূল্যে কোনোভাবেই ছাড়তে নারাজ আতলেতিকো।
কাতালান দৈনিক ‘মুন্দো দেপোর্তিভো’ জানায়, ২৭ বছর বয়সী এই ফুটবলারকে নিয়ে জটিলতা তৈরি হলেও ক্যাম্প ন্যুতে এর কোনো নেতিবাচক প্রভাব নেই। ক্লাবের শীর্ষ কর্তাদের মতে, তাদের আক্রমণভাগে ইতিমধ্যেই পর্যাপ্ত বিকল্প রয়েছে। সম্প্রতি ইংলিশ ফরোয়ার্ড অ্যান্থনি গর্ডন ও জার্মানির করিম আদিয়েমির আগমনে বার্সার আক্রমণভাগের শক্তিমত্তা আরও বেড়েছে। এছাড়া ফেরান তোরেস, দানি ওলমো এবং রাফিনিয়া—এই তিনজনের প্রত্যেকেই প্রয়োজন অনুযায়ী সেন্ট্রাল ফরোয়ার্ড হিসেবে খেলতে সক্ষম।
প্রতিবেদনটিতে আরও বলা হয়, আলভারেজের প্রতি বার্সা কোচ হান্সি ফ্লিকের বেশ আগ্রহ রয়েছে। তবে ক্লাবের নীতিনির্ধারকেরা এ বিষয়ে তাড়াহুড়ো না করে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চান। বিশেষ করে আতলেতিকো যখন কাঙ্ক্ষিত মূল্যের নিচে নামতে নারাজ, তখন ক্লাবটির অবস্থান পরিবর্তন হওয়া পর্যন্ত অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ বলে মনে করছে বার্সা।
বার্সেলোনাঘনিষ্ঠ সাংবাদিক আশরাফ বেন আইয়াদ তাঁর ফেসবুক পেজে উল্লেখ করেছেন, আলভারেজ ইস্যুতে আতলেতিকোর অনড় অবস্থানের কথা বার্সেলোনা ভালোভাবেই অবগত। ফলে ক্লাব কর্তৃপক্ষের নজর এখন সম্পূর্ণ আলভারেজের ওপর—তিনি এই জট ছাড়াতে নিজে কোনো পদক্ষেপ নেন কি না।
আশরাফ বেন আইয়াদের মতে, বল এখন পুরোপুরি আলভারেজের কোর্টে। এই আর্জেন্টাইন ফরোয়ার্ড যদি নিজে উদ্যোগী হয়ে বার্সেলোনায় যোগ দিতে আতলেতিকো কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করেন, তবেই কেবল এই দলবদল আলোর মুখ দেখতে পারে।