আমাদের দু’জনের অসম্পূর্ণ একটা গল্প….
আমাদের দু’জনের খুব ভালোবাসায় এক কাপ চা….
কিছু সময় হাত ধরে পাশাপাশি বসে থাকা….
অতঃপর কোনো কিছুই বলতে না পেরে দু’জনেরই এক আকাশ নীরবতা….
আচ্ছা….এভাবেও কি কবিতা হয়?
এভাবেও কি গল্প উপন্যাস লিখা হয়?
মাথার ভেতরে সহস্র আবেগের জট লেগে গেছে
বুকের বা পাশটা যত্রতত্র ব্যথা করছে…
মাঝে মাঝে তোমাকে দেখার প্রচন্ড আবেগে নি:শ্বাস প্রায় বন্ধ হয়ে আসছে….
এভাবেই যদি সময় এতটা চলে যায়….
এভাবেই যদি কিছু না বলতে পারার কাহিনীতে সময় শুধুই অপচয় হয়ে যায়….
তবে আমাদের গল্পটা পূর্ণ হবে কবে?
তোমাকে ছুঁয়ে থাকার অসম্ভব আবেগে
নীরবে আমি কাঁদবো কবে?
আচ্ছা….
খন্ডিতার্থক গল্পে ভালোবাসাও কি অল্প স্বল্প হয়?
আমাদের এই অসম্পূর্ণ গল্পেও কি ভালোবাসা শুধুই কিঞ্চিত বিনিময়?
আমি জানি না এত সময় অপচয়ে
আমাদের গল্প আদৌ পূর্ণতা পাবে কিনা?
আমি জানি না এত সহস্র অজুহাত ব্যস্ততায়
ভালোবাসার আবেগ ঝুম বৃষ্টি খুঁজে পাবে কিনা?
ভালোবাসলে যে মাঝে মাঝে থমকে যেতে হয়,
ভালোবাসলে যে খুব অযথাই আকাশকে বিমুগ্ধ চোখে দেখতে হয়;
ভালোবেসে যে সবুজ ঘাসের বুকে পেয়েছে অসামান্য আশ্রয়
ভালোবাসলে যে খুব যত্ন করে,খুব আদরে এক আকাশ মুগ্ধ আবেগে তাকেও ভালোবাসতেই হয়;
এই জীবনে মানুষ বাঁচে আর কতটা সময়?
কতটা মুহূর্তেই বা হয় নিশ্চিত ভালোবাসা আবেগ বিনিময়?
বেঁচে থাকা মানুষ আর কতটা মুহূর্তই বা পায় মাঁয়া প্রশ্রয়?
জানো….
ভালোবেসে যে পাহাড় আমাকে প্রায়:শই ডাকে….
মাঝে মাঝে সমুদ্রের হাতছানিতে আমি যে পড়ে যাই বড্ড বিপাকে….
তুমি যদি আমাকে ঠিকঠাক গুছিয়ে নিতে
তুমি যদি আমাদের গল্পটা ঠিকঠাক গুছিয়ে দিতে
আমি হয়তো নিজেকে সবুজে ঠিক সাজিয়ে নিতে পারতাম,
আমি হয়তো এক কাপ চায়েই আমাদের ঢের আবেগে
ঠিকঠাক গুছিয়ে একটা কবিতা লিখতে পারতাম;
ইদানিং আমি যে বড্ড বেশি অগোছালো আছি….
তুমি শূন্যতায় ইদানিং আমি যে বড্ড বেশি এলোমেলো হয়ে গেছি….
আমি যে হৃদয়ের রক্তক্ষরণে ইদানিং প্রায় প্রতিমুহূর্তেই ভালোবাসার নীল কষ্টে বাঁচি,
ইদানিং তুমি শূন্যতায় আমি যে এক আকাশ সময় অপচয়ের জাদুকর বিমূর্ত মাঁয়ায় বাঁচি!
আচ্ছা….
ঘাসফড়িং এর গল্প ছাড়া এভাবে মানুষ বাঁচে আর কয়দিন?
সবুজ গালিচায় পথ হারানোর তাড়না ছাড়া মানুষ আর বাঁচেই কয়দিন?
তুমি হয়তো সময় নষ্ট করছো বইয়ের ভাঁজে মুখ গুঁজে….
আমি হয়তো এক আকাশ সময় নষ্ট করছি
তোমার ভেতরে আমারই প্রিয় আকাশ,ঝুম বৃষ্টি খুঁজে….
আমাদের অসম্পূর্ণ গল্পটা তাই হয়তো অসম্পূর্ণই থেকে যাবে,
আমাদের এমন অসম্পূর্ণ সময় নষ্ট আবেগে একদিন হয়তো আমাদের কবিতাও ছন্দ হারাবে;
সত্যিই….
পৃথিবীর ইতিহাসে তারাই হয়তো অসম্পূর্ণ গল্প নিয়ে বাঁচে
যারা খুব যত্ন করে জীবনের প্রতিমুহূর্তে
এক আকাশ আবেগে ভালোবাসা মাঁয়া খোঁজে;
বলতে পারো….
এক অসম্পূর্ণ গল্পের,এক অসম্পূর্ণ আবেগের কেন্দ্রীয় চরিত্র কেনো আমিই হবো?
এক পৃথিবী ভালোবাসা মাঁয়া দিয়েও…
আমিই কেনো এক অসম্পূর্ণ দৃশ্যপটে আটকে ভীষণ অভিমানে শুধু কবিতাই লিখবো?
আমি অপরাধী,আমি যে যাবজ্জীবন কারাদণ্ড অপরাধী….
আমি যে এক পৃথিবী শুদ্ধ আবেগে
আমাদেরই এই অসম্পূর্ণ গল্পের অসম্ভব মাঁয়ায় বড্ড বেশি আটকে গেছি,
আমি যে এক আকাশ শুধুই তোমাকে ভালোবেসে
তোমার হাতটি ধরে,তোমার পাশাপাশি বসে
শুধু এক কাপ চায়ে এক পৃথিবী আটকে গেছি;
আচ্ছা….
একটিমাত্র মুহূর্ত কি এক পৃথিবী আটকে দিতে পারে?
কিছু মাত্র গল্প ছোঁয়া কি এক পৃথিবী আটকে দিতে পারে?
জানো….
তোমাকে পুরো জীবন পেলে হয়তো আমার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে যেতো…..
তোমাকে জীবনের পুরো গল্পে পাওয়া হলে
আমার কবিতাও হয়তো ছন্দ হারিয়ে অন্তঃসারশূন্য হয়ে যেতো…..
সৃষ্টিকর্তা তাই হয়তো আমাদের উপহার দিয়েছেন এই অসম্পূর্ণ গল্প,
সৃষ্টিকর্তা তাই হয়তো আমাদের উপহার দিয়েছেন
কিছু মুহূর্তে জীবন আটকে যাবার অসম্ভব প্রিয় মুহূর্ত;
অসম্পূর্ণ গল্পেই হয়তো এক আকাশ মাঁয়া বিচ্ছুরণ হয়…
অসম্পূর্ণ গল্পেই হয়তো শুধু এক পৃথিবী ঝুম বৃষ্টি হয়….
তাই এক অসম্পূর্ণ গল্পেরই সহস্র পূর্ণতার দৃশ্যপটে তুমি আর আমি…..
তাই হয়তো এক অসম্পূর্ণ গল্পের প্রতিমুহূর্তের নিখাদ পাগলামোর অজস্র দৃশ্যপটে….
ভীষণ ভালোবাসায় শুধুই যে মুগ্ধ তুমি আর আমি;
অতঃপর….
জীবনে প্রায় প্রতিমুহূর্তে মুমূর্ষু হয়ে বেঁচে….
শুধু দু’জনের ধোঁয়া ওঠা এক কাপ চায়ে
এক জীবন অসম্ভব ভালোবাসা খুঁজে….
নীরবতার উপসংহারে এক আকাশ ভালোবাসা মাঁয়া নিখুঁত স্পর্শে….
সত্যিই অসম্পূর্ণ ভালোবাসা অসম্ভব সুন্দর,
সত্যিই অসম্পূর্ণ ভালোবাসায় যে এক পৃথিবী ভীষণ সুন্দর!