আজ কিছুদিন ধরে ঝুম বৃষ্টি খুব করে ষড়যন্ত্র করছে
বাদলা মেঘে যত্রতত্র আমাকে এলোমেলো করে দেয়ার চেষ্টা করছে
একটু বোঝার চেষ্টা করো ঝুমবৃষ্টি,
আকাশ,মাটি সবাইতো তোমাকে খুব বেশি ভালোবাসে
দারুণ রাগ,অভিমানে আকাশের বুক থেকে ঝরে পরলেও….
মাটি যে তোমাকে পরম মমতায় আগলে রাখে;
কিন্তু আমি….?আমাকে যে কেউই ভালোবাসে না,
আমাকে যে খুব যত্নে কেউ আগলেও রাখে না;
তবে আমাকে কেনো তুমি বার বার এলোমেলো করে দাও?
অগোছালো আমার এই জীবন কেনো আরোও বেশি এলোমেলো করে দাও?
বিশ্বাস করো….
আকাশের বুকে তোমাকে দেখলেই আমার যে শুধু তাঁর কথা মনে পড়ে,
মাটির মমতায় তোমাকে দেখলেই
আমার যে শুধু তাঁর অবাধ্য ছোঁয়ানুভবে আরও কিছুদিন বাঁচতে ইচ্ছে করে;
তুমি তো জানো না ঝুম বৃষ্টি,
আমি কতটা কষ্টে প্রতিনিয়ত তাঁর দেয়া দূরত্বে বাঁচি?
তুমি কি একটুও বোঝ না….
প্রতিমুহূর্তে আমি কতটা কষ্টে তাঁর বেঁধে দেয়া সীমানায় বাঁচি?
তুমি আমার বেঁচে থাকার এই কষ্টটা যে আরোও বেশি বাড়িয়ে দিচ্ছো….
আমার বেঁচে থাকার সহস্র চেষ্টা তুমি যে মুহূর্তেই ধুলিস্যাৎ করে দিচ্ছো….
আকাশে মেঘ দেখলে মুহূর্তেই আমার মনেও যে মেঘ জমা হয়,
একটু ঝুম বৃষ্টি অবসর পেলেই
আমারও যে শুধু তাঁর সাথে কথা বলতে ইচ্ছে হয়;
তাঁর হাতটা খুব শক্ত করে আমার হাতে বেঁধে এক পৃথিবী নীরবতায়….
আমার যে শুধুই তাঁর মাঁয়ায় ভীষণ মুগ্ধ হতে ইচ্ছে হয়!
আমার কাছে এভাবে তুমি আর যত্রতত্র এসো না….
আমাকে এমন বিমুগ্ধ ছোঁয়ায় এতটাও তুমি আর এলোমেলো করে দিও না….
সে যে জেনে,বুঝে আমাকে উপহার দেয় এই দূরত্ব,
সে যে জেনে,বুঝে তোমার নিঁখুত স্পর্শে আমাকে উপহার দেয়
হৃদয় রক্তক্ষরণের এই মাঁয়াবী দূরত্ব!
প্রিয় ঝুমবৃষ্টি,
আজ আমি খুব অপারগ হয়ে তোমার কাছে চিঠি লিখতে বসেছি….
আমি যে এক আকাশ কষ্টে বড্ড বেশি অপারগ হয়ে তোমাকে সামান্য মিনতি করছি….
তাঁকে ছাড়া এই দূরত্বে এমনিতেই তো আমি মরে বেঁচে আছি,
কিভাবে বলো তোমাকে বোঝাই….
তাঁর বেঁধে দেয়া সীমানায় প্রতিমুহূর্তে
আমি কতটা,কিভাবে বেঁচে আছি?
আচ্ছা….
সহস্র বছর পর এমন ঝুম বৃষ্টিতে তাকে কাছে পেলে কি করবে?
এই ঝুম বৃষ্টির খানিক অবসরে,সে যদি খুব ভালোবাসার মোহে পরে
তোমার কাছে ছুটে আসে তবে তুমি কি করবে?
কিছু প্রশ্নের উত্তর যে শব্দে হয় না….
কিছু উত্তর যে ঝুম বৃষ্টি কবিতাতেও বাঁধা যায় না…..
কিছু মুহূর্ত নীরব করে দেয় সবকিছু,
কিছু মুহূর্ত নীরবেই মাঁয়া গাঁথে সবটুকু;
আমি হয়তো মাত্র সেই মুহূর্তের প্রতীক্ষায়
আমার পুরো এক জীবন বেঁচে যাব….
আমি হয়তো ঝুম বৃষ্টির নিখুঁত ষড়যন্ত্র অপেক্ষায়
তাঁর বিমুগ্ধ শুদ্ধতায় নিশ্চিত মরেই যাবো!
সত্যিই….
আমি হয়তো ঝুম বৃষ্টির ষড়যন্ত্রে নিশ্চিত এবার মরেই যাবো!
আচ্ছা বলোতো….
ঝুম বৃষ্টি ষড়যন্ত্র মানে কি?
ঝুম বৃষ্টি ষড়যন্ত্র তোমার সব কিছুই জানে কি?
আমার আত্মায় খোঁজ নিয়ে দেখো….
কত সহস্র দীর্ঘশ্বাস সেখানে জমা আছে?
কত সহস্র নিস্তব্ধরাতের নীরবতা….
আমার আত্মায় বড্ড বেশি নীরব কবর হয়ে আছে?
তাকে ছাড়া ভয়ংকর যন্ত্রণার এক আকাশ প্রতীক্ষা
প্রতিমুহূর্তে কতটা আমাকে এলোমেলো করে দিচ্ছে?
তাকে ছাড়া অজস্র সময় অপচয়ে
আমার আত্মা প্রতিমুহূর্তে নিশ্চুপে কতটা ভয়ংকর ভাবে কাঁদছে?
সত্যিই কিছু মুহূর্ত যে থমকে দেয় সবকিছু….
ঝুম বৃষ্টি ষড়যন্ত্র যে থমকে দেয় আমার সবকিছু,
ঝুম বৃষ্টি ষড়যন্ত্রে যে এক পৃথিবী থমকে যায় আমার সবকিছু!