ফিরবো না আর
রাণা চট্টোপাধ্যায়
হয়তো বা দশ বছর পর উপলব্ধিতে
তোমার ধরা দেবে দেখো যে আমি,
অপেক্ষার কড়া নেড়ে ঘন্টা,দিন,মাস,
বছর পার করতাম অধীর আগ্রহে।
এখন মুঠো ভর্তি শূন্যতা মেখে,খুঁজলেও
কোনোদিন আর পাবে না আমায়!
যে অবহেলার পাহাড় ডিঙিয়ে সঙ্গ দিয়েছি,
যে চৌকাঠে ছিল অনন্ত আমার অপেক্ষা ,
এখন খুঁজলে পাবো দেখো উই ঢিবি!
সেগুলোর এক একটার নামকরণ
উপেক্ষা,তাচ্ছিল্য,অহমিকা!
এখন নিজেকে মুক্তির স্বাদে
উড়িয়ে দেওয়া আমি স্বাধীন পাখি
অনাবিল আনন্দে আকাশ ভ্রমণে মাতি।
যে দরজা উপেক্ষার শেকলে বন্ধ করেছিলে
আজ যতই খোলার আপ্রাণ প্রয়াস
চেষ্টা করলেও পারবে না খুলতে,
এখানেই তুমি হেরে গেছো আজীবন।
ভালোবাসা করুণায় কখনোই নয়,
ভালোবাসা মেলে স্বচ্ছ ভালোবাসাতে।