আমি মানুষ দেখি মানুষের ভীড়ে—–
পথে প্রান্তরে ঘাটে মাঠে শহরে নগরে দেখি
সাদা মানুষ, কালো মানুষ
ব্যস্ত ত্রস্ত হন্তদন্ত সুবোধ মানুষ!
কখনো দেখি জীর্ণ শীর্ণ অভুক্ত মানুষ
কখনো দেখি স্থুলকায় মেদ বহুল মানুষ!
কখনোবা দেখি মানুষের মত অবিকল মানুষ!
আমি মানুষ দেখি মানুষের ভীড়ে —–
পাঠশালা পানশালা নাট্যশালা বন্দীশালায় দেখি
গুণী মানুষ, নির্গুণ মানুষ
সবাক অন্দরের নির্বাক মানুষ!
কখনো দেখি সদলবলে সবল মানুষ
কখনো দেখি একাকী চলা দূর্বল মানুষ
কখনোবা দেখি অতিকায় স্বপ্নিল বর্ণিল মানুষ!
আমি মানুষ দেখি মানুষের ভীড়ে —–
নৌপথ আকাশপথ মহা ব্যস্ততম রাজপথে দেখি
হিনমন্য মানুষ, মহিমান্বিত মানুষ
স্বপ্নে দেখা বিদ্যুত শাহী পুলকিত মানুষ!
কখনো দেখি মানবিকতা নির্ভর পূণ্য মানুষ
কখনো দেখি দ্বিধাবিভক্ত জনপ্রিয় বিপ্লবী মানুষ
কখনোবা দেখি হিংস্র দানবের মত নামসর্বস্ব মানুষ!
আমি মানুষ দেখি মানুষের ভীড়ে—–
প্রাণচঞ্চল উচ্ছল উদ্দীপ্ত প্রেরণায় হরহামেশা দেখি
সরলপ্রাণ মানুষ, গরলপ্রাণ মানুষ
আল্পনায় আঁকা প্রচ্ছদে প্রচ্ছন্ন মানুষ!
কখনো দেখি দিগ্বিজয়ের অগ্রোন্মুখ মানুষ
কখনো দেখি কোমল মসৃণ চন্দন শোভিত মানুষ
কখনোবা দেখি দেবতা তুল্য অতিকায় পূজ্য মানুষ
অথচ- কখনো দেখিনা আমার প্রিয় শ্যামল মানুষ!!