দেশে টেকসই ও বাণিজ্যিকভাবে লাভজনক মাছ চাষের প্রসার ঘটাতে ময়মনসিংহের তারাকান্দায় ‘অ্যাকুয়াকালচার সেন্টার অব এক্সিলেন্স’ চালু করেছে ফুডটেক বাংলাদেশ। নেদারল্যান্ডস দূতাবাসের সহায়তায় পরিচালিত এ কেন্দ্রের মূল লক্ষ্য উদ্যোক্তাদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচয় করানো, প্রশিক্ষণ দেওয়া এবং মাছের উৎপাদন বাড়ানো।
মঙ্গলবার তারাকান্দার মাঝিয়ালি গ্রামে কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে ডাচ রাষ্ট্রদূত জরিস ভ্যান বোমেল, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খালেদ কনকসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও মৎস্যচাষিরা অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা আন্তর্জাতিক মানে মাছ উৎপাদন, রপ্তানি বৃদ্ধি এবং কম জায়গায় আধুনিক প্রযুক্তি ব্যবহারে জোর দেন।
অনুষ্ঠানে ইন-পন্ড রেসওয়ে ও রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেমের মতো প্রযুক্তির কার্যকারিতা প্রদর্শন করা হয়, যার মাধ্যমে একই পানি বারবার ব্যবহার করে স্বল্প জায়গায় বহুগুণ বেশি মাছ উৎপাদন সম্ভব। এ উদ্যোগের আওতায় আগামী তিন বছরে আরও ১ হাজার মাছচাষিকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।