আমি প্রেম খুঁজি—
সৃষ্টির আদি থেকে অনন্তে
প্রত্যাশা, প্রত্যয়ে, নিশ্বাসে, বিশ্বাসে
অনুভব অনুভূতির প্রগাঢ় অভিলাষে।
আমি প্রেম খুঁজি—
হৃদয় অলিন্দের প্রতিটি কোঠায়
আঁখি পল্লবের পলকে পলকে
প্রেমিক মনের প্রেম নোঙর করা বন্দরে।
দ্যূতিময় দৃষ্টির সীমানা পেরিয়ে
দুর দূরান্তে ছুটে চলা মেঘের অন্তরালে।
আমি প্রেম খুঁজি—
মানুষের মাঝে বেঁচে থাকা মননে
চেতনার রথে চড়া প্রজ্ঞা আর প্রান্তিকে।
দুর্নিবার আবেগ আর বিবেকের শতদলে
আমি প্রেম খুঁজি আত্মিক নিগূঢ় বন্ধনে।
আমি প্রেম খুঁজি—
সান্দ্র প্রেম, তন্দ্রালু প্রেম
উজ্জীবিত প্রেম, উৎকর্ষিত প্রেম
সুপ্ত প্রেম, লুপ্ত প্রেম, তপ্ত প্রেম, স্নিগ্ধ প্রেম।
আমি প্রেম খুঁজি অন্তরিক্ষ মাঝে দেদীপ্যমান
চাঁদ আর সূর্যের মত সুগভীর প্রেম।
আমি প্রেম খুঁজি—
ঘোর অমানিশার নিকষ আঁধারে
পূর্নিমার জ্যোৎস্না মাখা মৃদু আলোয়
ঝরে পড়া শিশির বিন্দু কণার কোটরে।
নদী ও সমুদ্র সঙ্গমের ঘূর্ণি পাকে
ভেসে চলা বাতাসের শন শন শব্দের মর্মরে।
আমি প্রেম খুঁজি—
স্রষ্টা আর সৃষ্টির মাঝে অবিচল প্রেম
মা মাটি আর মানুষের আস্থা বহুল প্রেম
শৈশব কৈশোর আর উন্মত্ত যৌবনের প্রেম
জগতের সীমাহীন সীমান্তের অবিচ্ছেদ্য প্রেম
আমি প্রেম খুঁজি প্রকৃতি ও চিত্তের নিখাঁদ প্রেম।।