Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেকবার্তা

প্রচ্ছদ / শিক্ষা
৮:১০ অপরাহ্ণ, ১৪ জুলাই ২০২৬

ঢাবিতে প্রধানমন্ত্রীর গাড়িবহরের পাশে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাবিতে প্রধানমন্ত্রীর গাড়িবহরের পাশে শিক্ষার্থীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুষ্ঠান চলাকালে পাশেই অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। দুর্যোগপূর্ণ আবহাওয়া, টানা বৃষ্টিপাত ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদ এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা শিক্ষা ভবন ঘেরাও করতে গেলে পুলিশ তাদের বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে আটকে দেয়। এ সময় প্রধানমন্ত্রীর গাড়িবহর চলাচলকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য মোতায়েন করা হয়।

মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে সায়েন্সল্যাব থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষা ভবনের উদ্দেশে রওনা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। এরপর সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। পাশেই নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণে একটি রাষ্ট্রীয় অনুষ্ঠান চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নেন। আশপাশে ছাত্রদলের নেতাকর্মীরাও অবস্থান করছিলেন।

একপর্যায়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির নেতাকর্মীদের নিয়ে ঘটনাস্থলে এসে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এদিকে একই দাবিতে মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন এইচএসসি পরীক্ষার্থীরা। বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার এবং সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করে তারা কর্মসূচি পালন করেন। পূর্বঘোষিত এ কর্মসূচিতে ঢাকা সিটি কলেজ, ঢাকা আইডিয়াল কলেজ, সরকারি বাংলা কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, লালমাটিয়া স্কুল অ্যান্ড কলেজ, রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, বিএএফ শাহীন কলেজসহ ১২ থেকে ১৫টি কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

বিক্ষোভের কারণে সায়েন্সল্যাব, নিউমার্কেট, ধানমন্ডিসহ আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রী ও পথচারীরা দুর্ভোগে পড়েন।

কর্মসূচিতে শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’, ‘এক, দুই, তিন, চার-মিলন তুই গদি ছাড়’ এবং ‘আমি কে, তুমি কে-ফার্মের মুরগি’সহ বিভিন্ন স্লোগান দেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Advertise with us
আরও বিবেকবার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম