ছবি : সংগৃহীত
ই-মেইল চেক করার প্রচলিত ধরন এবার পুরোপুরি বদলে যেতে চলেছে। স্মার্টফোন ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে জিমেইল অ্যাপে ‘এআই ইনবক্স’ নামের একটি শক্তিশালী ফিচার যুক্ত করছে গুগল। কৃত্রিম বুদ্ধিমত্তার এই ছোঁয়ায় এখন থেকে ইনবক্স কেবল ই-মেইলের তালিকা হয়ে থাকবে না, বরং এটি কাজ করবে একজন ব্যক্তিগত সহকারীর মতো।
অ্যান্ড্রয়েড ও আইওএস- উভয় প্ল্যাটফর্মেই জিমেইল ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন। বর্তমানে পরীক্ষামূলকভাবে ‘গুগল এআই আলট্রা’ গ্রাহকদের জন্য এই ফিচারটি উন্মুক্ত করা হয়েছে।
কী থাকছে এই নতুন ইনবক্সে?
প্রযুক্তিবিষয়ক সাইট নাইনটু ফাইভ গুগলের তথ্য অনুযায়ী, জিমেইল অ্যাপের নিচের নেভিগেশন বারে ‘মেইল’, ‘চ্যাট’ ও ‘মিট’ অপশনের ঠিক পাশেই দেখা মিলবে নতুন এই ‘এআই ইনবক্স’ আইকনটি। এটি চালু করলে সাধারণ ইনবক্সের মতো ই-মেইলের দীর্ঘ তালিকা না দেখিয়ে ব্যবহারকারীর সামনে তিনটি বিশেষ দিক তুলে ধরা হবে-
সাজেস্টেড টু-ডু : আপনার আসা ই-মেইলগুলো বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে একটি ‘করণীয় কাজের তালিকা’ তৈরি করে দেবে এআই। ফলে জরুরি কাজগুলো আলাদা করে নোট করে রাখার প্রয়োজন পড়বে না।
টপিকস টু ক্যাচ আপ অন : কোনো একটি বিষয়ে অনেকগুলো ই-মেইল চালাচালি হলে, তার পুরোটা না পড়েই মূল সারসংক্ষেপ জেনে নেওয়া যাবে এই ফিচারের মাধ্যমে।
কাজের অগ্রাধিকার : অপ্রয়োজনীয় মেইলের ভিড়ে জরুরি হালনাগাদ ও গুরুত্বপূর্ণ আলোচনাগুলোকে সবার ওপরে স্থান দেবে এই স্মার্ট ইনবক্স।
বদলে যাবে কাজের গতি
গুগল জানিয়েছে, ব্যবহারকারীদের দৈনন্দিন কাজের গতি কয়েক গুণ বাড়াতেই এই উদ্ভাবন। সহকর্মীদের প্রশ্নের দ্রুত উত্তর দেওয়া, চলমান প্রজেক্টের অগ্রগতি যাচাই করা কিংবা ফাইল শেয়ার ও ড্রাফট তৈরির কাজগুলো এখন অনেক বেশি নিখুঁত ও দ্রুত হবে।
বিশেষজ্ঞদের মতে, প্রচলিত ইনবক্সে সময়ের অপচয় কমাতে এবং সরাসরি কাজে মনোযোগ দিতে ‘এআই ইনবক্স’ একটি গেম-চেঞ্জার হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। ই-মেইলের দুনিয়ায় এটি গুগলের বড় ধরনের রূপান্তর হিসেবেই দেখা হচ্ছে।