Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেকবার্তা

প্রচ্ছদ / সারাদেশ
২:৫৬ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৬

বান্দরবানে কিশোর অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান, আটক ৮০

বান্দরবানে কিশোর অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান, আটক ৮০
জেভিন ত্রিপুরা
২ মিনিটে পড়ুন |

বান্দরবান পার্বত্য জেলায় কিশোর অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযানে ৮০ জন কিশোরকে আটক করা হয়েছে। জেলার চারটি উপজেলায় একযোগে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত বান্দরবান সদর, লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় অভিযান পরিচালনা করা হয়। জেলা শহরের মেম্বারপাড়া, রাজার মাঠ, আর্মিপাড়া, রেস্ট হাউস, উজানীপাড়া সমিল এলাকা, ৩ নম্বর এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

অভিযানে বান্দরবান সদর থেকে ৪৫ জন, লামা থেকে ১৩ জন, আলীকদম থেকে ১৯ জন এবং নাইক্ষ্যংছড়ি থেকে ৩ জনকে আটক করা হয়েছে। সব মিলিয়ে আটক করা হয় ৮০ জনকে।

বান্দরবান সদরে জেলা পুলিশ সুপার মোহাম্মদ ওহাবুল ইসলাম খন্দকারের নেতৃত্বে পুলিশের একাধিক দল অভিযান পরিচালনা করে। এ সময় রুমা সার্কেলের সহকারী পুলিশ সুপার তাসলিম হুসাইন, বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ পারভেজসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মোহাম্মদ ওহাবুল ইসলাম খন্দকার জানান, কিশোর অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি বলেন, আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে যাদের বিরুদ্ধে অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আর যাদের বিরুদ্ধে অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া যাবে না, তাদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন এলাকায় চুরি, মাদক ব্যবহারসহ কিশোরদের জড়িয়ে পড়া বিভিন্ন অপরাধ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পক্ষ থেকে বিশেষ নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে।

এদিকে কিশোর অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের অনেকে। তাদের মতে, অপরাধে জড়িয়ে পড়ার আগেই কিশোরদের চিহ্নিত করে প্রয়োজনীয় নজরদারি, পারিবারিক তদারকি ও আইনগত ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও বিবেকবার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম