নওগাঁর সাপাহারে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের উপজেলা শাখার নেতৃবৃন্দের সঙ্গে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সাপাহার থানার চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সাপাহার উপজেলা শাখার আহ্বায়ক শ্রী দিলীপ চন্দ্র সাহা, সদস্য সচিব মিলন কুমার পাল, যুগ্ম আহ্বায়ক অর্জুন কুমার সাহা, বিমল রায় ও রতন মালাকার, শ্রীরাম সরকার, মিঠুন সরকার এবং হরিচরণ সিং উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন শারদীয় দুর্গাপূজাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নবাগত ওসি শাহীন রেজার সঙ্গে আলোচনা করেন নেতৃবৃন্দ।
এ সময় পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ নবাগত ওসিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে পুলিশ প্রশাসনের সঙ্গে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
নবাগত ওসি শাহীন রেজা বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।