লন্ডনের এক ক্যাসিনোর সামনে বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের সঙ্গে এক তরুণীকে দেখা যাওয়ার পর থেকেই সামাজিক মাধ্যমে জোর গুঞ্জন শুরু হয়েছে। ক্যাসিনো থেকে বের হওয়ার পর ভাইরাল হওয়া সেই ছবির রহস্যময় তরুণীকে ইতোমধ্যেই চিহ্নিত করেছেন নেটিজেনরা। তিনি আর কেউ নন—ডেনমার্কের জনপ্রিয় গায়িকা ও গীতিকার ভিনি তাকাইর।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, আরিয়ান খান কালো টি-শার্ট, কালো ট্রাউজার ও সাদা স্নিকার্স পরে ক্যাসিনো থেকে বের হচ্ছেন। তাঁর ঠিক পাশেই ছিলেন অল-ব্ল্যাক পোশাকে সজ্জিত ভিনি। বাইরে দাঁড়িয়ে থাকা অবস্থায় এক ভক্তের আবদারে আরিয়ান তাঁর সঙ্গে সেলফিও তোলেন। এরপর দুজনে একই গাড়িতে চড়ে স্থান ত্যাগ করেন।
এই ঘটনার পরপরই ভিনি তাঁর ইনস্টাগ্রামে লন্ডন সফরের কিছু ছবি শেয়ার করেন, যা নেটিজেনদের সন্দেহে নতুন খোরাক জোগায়। অনুসন্ধানে দেখা যায়, ইনস্টাগ্রামে আরিয়ান ও ভিনি একে অপরকে অনুসরণ করেন এবং তাঁদের বন্ধুর সার্কেলও প্রায় এক।
ডেনমার্কে জন্মগ্রহণকারী ভিনি তাকাইর আন্তর্জাতিক সংগীত অঙ্গনে গায়িকা ও গীতিকার হিসেবে পরিচিত। সামাজিক মাধ্যমে চোখ রাখলে দেখা যায়, কোপেনহেগেনের পাশাপাশি মুম্বাইয়ের সঙ্গেও তাঁর বেশ ঘনিষ্ঠতা রয়েছে। এর আগে ভারতে একাধিক লাইভ শো-তেও পারফর্ম করেছেন তিনি।
ক্যাসিনোর সেই রাতের দৃশ্য এবং সামাজিক মাধ্যমে পরস্পরের সখ্য ঘিরে তাঁদের প্রেমের চর্চা তুঙ্গে উঠলেও, আরিয়ান বা ভিনি—কারো পক্ষ থেকেই এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।