Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেকবার্তা

প্রচ্ছদ / সারাদেশ
২:০৫ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৬

সার নিয়ে চলছে অসাধু ডিলারদের কারসাজি, ফুঁসে উঠছেন কৃষক

সার নিয়ে চলছে অসাধু ডিলারদের কারসাজি, ফুঁসে উঠছেন কৃষক
নিজস্ব প্রতিবেদক
৪ মিনিটে পড়ুন |

দেশে বন্ধ হচ্ছে না সার নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি। প্রতিদিন সার জব্দ করা হলেও সারের কৃত্রিম সংকট কাটছে না। সংকট তৈরি করে বেকায়দায় ফেলা হচ্ছে কৃষকদের। সার না পেয়ে ফুঁসে উঠছেন কৃষক। চলছে কৃষি উৎপাদন ব্যাহত করার পাঁয়তারা।

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের নাগেশ্বরীতে রবি মৌসুমে চাহিদামতো সার না পাওয়ায় ক্ষুব্ধ শত শত কৃষক আবার সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেছেন। এ সময় তারা সারের দাবিতে কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেন এবং কৃষি কর্মকর্তা ও সার ডিলারের অপসারণ চান। পরে অবরুদ্ধ কর্মকর্তাকে ইউএনও’র সহায়তায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে কচাকাটা থানায় নিয়ে আসেন পুলিশ।

গত শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার বল্লভেরখাস ইউনিয়ন গাবতলা বাজার এলাকায় বিসিআইসির পরিবেশক (ডিলার) মেসার্স ভাই ভাই ট্রেডার্সের সামনে এই অবরোধ হয়। এ সময় বল্লভেরখাস ইউনিয়ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম অবরুদ্ধ হন। প্রায় পাঁচ ঘণ্টা সড়ক অবরোধের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে গিয়ে আশ্বাস দিলে কৃষকরা অবরোধ তুলে নেন।

জানা গেছে, রবি মৌসুমে এখন এলাকার প্রধান ফসল আমন, বেগুন ও বিভিন্ন সবজির চাষাবাদে সারের চাহিদা বাড়ছে। পাশাপাশি ভুট্টাসহ অন্যান্য ফসলেরও আবাদ শুরু হয়েছে। কিন্তু চাষাবাদের শুরু থেকেই কৃষকরা চাহিদা অনুযায়ী সার পাচ্ছেন না। গতকাল সকালে গাবতলা এলাকার কৃষকদের জন্য নির্ধারিত ডিলার মেসার্স ভাই ভাই ট্রেডার্সে সার বিক্রির খবর ছড়িয়ে পড়লে কয়েকশ কৃষক সেখানে জড়ো হন।

কিছুক্ষণ পরই কৃষকরা সার পাওয়ার জন্য দীর্ঘলাইন ধরেন। একপর্যায়ে বরাদ্দকৃত সার শেষ হয়েছে বলে জানানো হয় এবং পরিবেশক সার বিক্রি বন্ধ করে দেন। এতে ক্ষুব্ধ কৃষকরা ডিলার ও উপসহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। তারা ডিলার ও উপসহকারী কৃষি কর্মকর্তার অপসারণ দাবি করেন।

উপজেলা কৃষি অফিসার শাহরিয়ার হোসেন বলেন, আমাদের পর্যাপ্ত সার মজুত আছে। গত শুক্রবার দুটি পয়েন্ট থেকে সার বিতরণ করার কথা। একটি পয়েন্টের সার শেষ হয়ে যাওয়ায় কৃষকরা সার না পেয়ে উপসহকারী কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করেছে। আমরা অন্য পয়েন্ট থেকে কৃষকদের চাহিদামতো সার দেওয়ার চেষ্টা করছি। এ বিষয়ে ইউএনও আলাউদ্দিন বলেন, বিক্ষুব্ধ কৃষকরা কিছু সময় সড়ক অবরোধ করেছিলেন। একসঙ্গে অনেকে সার নিতে গিয়ে না পাওয়ায় এ সমস্যা হয়। সবাইকে বুঝিয়ে বলা হয়েছে। পর্যায়ক্রমে সবাই সার পাবেন। সার বিতরণে অনিয়ম পেলে উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের বকশীগঞ্জে গভীর রাতে ভ্যানযোগে সার পাচারের সময় ২৩ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার মেরুরচর ইউনিয়নের টুপকারচর গ্রামে অভিযান চালিয়ে এসব সার জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভ্যানগাড়িতে করে ২৩ বস্তা ডিএপি সার বকশীগঞ্জ থেকে ইসলামপুর উপজেলায় পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতেই টুপকারচর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি ভ্যানগাড়ি থেকে ২৩ বস্তা সার জব্দ করা হয়। পরে জব্দ করা সার বকশীগঞ্জ থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন বলেন, জব্দ করা সারগুলো কোথা থেকে এসেছে এবং কোথায় নেওয়া হচ্ছিল, তা জানার চেষ্টা চলছে। তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি জানান, অবৈধভাবে রাসায়নিক সার বিক্রি করার অপরাধে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মোতাহার হোসেন নামে এক সার ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেইসঙ্গে আটক ২১ বস্তা সার সরকারি মূল্যে বিক্রি করে টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এনএম ইসফাকুল কবীর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ আদেশ দেন। পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামাণিক জানান, পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের মহাদেবপুর গ্রামের ইয়াছিন আলীর ছেলে আব্দুল খালেকের বাড়িতে সাত বস্তা টিএসপি ও ১৪ বস্তা এমওপি সারসহ সার ব্যবসায়ী মোতাহার এবং গৃহকর্তা খালেককে বৃহস্পতিবার দুপুরে আটক করেন স্থানীয়রা। পরে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ সারসহ ওই দুজনকে আটক করে থানায় নিয়ে আসেন। সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সার সাব-ডিলার মোতাহারকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।

সাতক্ষীরা প্রতিনিধি জানান, সাতক্ষীরার তালায় নিজ বাড়িতে নকল ও ভেজাল সার-কীটনাশক মজুত রাখার দায়ে মশিয়ার রহমান নামে এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অভিযানকালে জব্দকৃত প্রায় পাঁচ লাখ টাকার ভেজাল পণ্য ধ্বংসের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার সকালে তালা উপজেলার লাউতাড়া গ্রামে মশিয়ার রহমানের বাড়িতে এ অভিযান চালায় র‍্যাব-৬।

বিষয়টি নিশ্চিত করে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, ‘নকল ও ভেজাল সার-কীটনাশক কৃষি উৎপাদন ও কৃষকদের জন্য চরম ক্ষতিকর। অভিযানে প্রায় পাঁচ লাখ টাকার ভেজাল পণ্য জব্দ করা হয়েছে এবং অভিযুক্তকে সাজা প্রদান ও জব্দকৃত মালামাল ধ্বংসের আদেশ দেওয়া হয়েছে। ভেজাল সারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও বিবেকবার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com