Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেকবার্তা

প্রচ্ছদ / সারাদেশ
৫:২৩ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষার্থীদের নিয়ে আলীকদমে অনুষ্ঠিত হলো ম্রো শিক্ষার্থীদের মিলনমেলা

শিক্ষার্থীদের নিয়ে আলীকদমে অনুষ্ঠিত হলো ম্রো শিক্ষার্থীদের মিলনমেলা
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ম্রো শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ, শিক্ষা সচেতনতা ও সামাজিক সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে বান্দরবানের আলীকদমে অনুষ্ঠিত হয়েছে ‘ম্রো শিক্ষার্থীদের মিলনমেলা-২০২৬’। ম্রো ইয়ুথ অর্গানাইজেশনের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এ আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ম্রো শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও বিভিন্ন পেশায় কর্মরত সিনিয়র প্রজন্মের প্রতিনিধিরা অংশ নেন।

আয়োজনে ম্রো শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক পরিচয় ও যোগাযোগ বৃদ্ধি, উচ্চশিক্ষায় আগ্রহ সৃষ্টি এবং সমাজের ভবিষ্যৎ নেতৃত্বে তরুণদের প্রস্তুত করার বিষয়গুলো গুরুত্ব পায়। একই সঙ্গে ম্রো সমাজের শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক বাস্তবতা নিয়ে শিক্ষার্থী ও অভিজ্ঞ ব্যক্তিদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ম্রো জনগোষ্ঠীর শিক্ষার অগ্রগতি, বিশেষ করে মেয়েদের শিক্ষায় অংশগ্রহণ বাড়ানো, শিক্ষার্থীদের ঝরে পড়া প্রতিরোধ এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ম্রো জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং নিজেদের স্বকীয় পরিচয় ধরে রাখার গুরুত্বও উঠে আসে।

বক্তারা বলেন, বর্তমান সময়ে শিক্ষার পাশাপাশি নিজেদের সমাজ, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে সচেতন থাকা তরুণ প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ম্রো সমাজের ভবিষ্যৎ অগ্রযাত্রায় শিক্ষার্থীদের শুধু ব্যক্তিগত সাফল্যের দিকে নয়, নিজেদের সম্প্রদায়ের সামগ্রিক উন্নয়নেও ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

দিনের বিভিন্ন পর্বে আলোচনা, পারস্পরিক মতবিনিময়, মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক ও সিনিয়রদের মধ্যে প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হয়। অনুষ্ঠানের শেষপর্বে অংশগ্রহণকারীদের সম্মিলিত ফটোসেশনের মধ্য দিয়ে দিনব্যাপী মিলনমেলার সমাপ্তি ঘটে।

আয়োজকদের প্রত্যাশা, ‘ম্রো শিক্ষার্থীদের মিলনমেলা-২০২৬’-এর মতো উদ্যোগ ভবিষ্যতে ম্রো শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সংযোগ আরও শক্তিশালী করার পাশাপাশি শিক্ষা, সামাজিক সচেতনতা ও সাংস্কৃতিক সংরক্ষণে তরুণদের অংশগ্রহণ বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে।

এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও বিবেকবার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com