Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেকবার্তা

প্রচ্ছদ / সারাদেশ
৭:৪৪ পিএম, ২৪ আগস্ট ২০২৬

জাতীয় বাস্কেটবল দলের চূড়ান্ত স্কোয়াডে আদিবাসী শিক্ষার্থী বান্দরবানের নোয়েল ত্রিপুরা

জাতীয় বাস্কেটবল দলের চূড়ান্ত স্কোয়াডে আদিবাসী শিক্ষার্থী বান্দরবানের নোয়েল ত্রিপুরা
জেভিন ত্রিপুরা
২ মিনিটে পড়ুন |

বাংলাদেশ জাতীয় বাস্কেটবল দলের চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আদিবাসী শিক্ষার্থী নোয়েল ত্রিপুরা। বান্দরবান জেলার এই তরুণ ক্রীড়াবিদের জাতীয় দলে অন্তর্ভুক্তির মধ্য দিয়ে ক্রীড়াঙ্গনে নতুন অর্জনের সাক্ষর রাখল পার্বত্য অঞ্চলের আদিবাসী তরুণ সমাজ।

নোয়েল ত্রিপুরা বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যয়নরত। পড়াশোনার পাশাপাশি বাস্কেটবলের সঙ্গে নিয়মিত যুক্ত থেকে নিজের দক্ষতা ও সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার জায়গা করে নিয়েছেন দেশের জাতীয় বাস্কেটবল দলের চূড়ান্ত স্কোয়াডে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, চূড়ান্ত স্কোয়াডে থাকা খেলোয়াড়দের অধিকাংশই বিভিন্ন বাহিনীর হয়ে প্রতিনিধিত্ব করছেন। তাঁদের মধ্যে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থী হিসেবে নোয়েল ত্রিপুরাই একমাত্র প্রতিনিধি এবং তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হয়ে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করছেন।

বান্দরবানের একটি আদিবাসী পরিবার থেকে উঠে এসে উচ্চশিক্ষার পাশাপাশি জাতীয় পর্যায়ের ক্রীড়াঙ্গনে নিজের জায়গা করে নেওয়া নোয়েলের এই অর্জনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন তাঁর সহপাঠী, শুভাকাঙ্ক্ষী ও ক্রীড়াপ্রেমীরা। তাঁর সাফল্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং বান্দরবানের আদিবাসী সম্প্রদায়ের মধ্যেও আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে।

নোয়েলের জাতীয় দলে জায়গা করে নেওয়া শুধু ব্যক্তিগত অর্জন নয়; এটি পার্বত্য অঞ্চলের আদিবাসী তরুণদের ক্রীড়া প্রতিভা ও সম্ভাবনাকেও সামনে নিয়ে এসেছে। সুযোগ, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা পেলে পাহাড়ের আরও অনেক তরুণ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখতে পারেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শিক্ষাজীবনের পাশাপাশি জাতীয় দলের হয়ে দেশের প্রতিনিধিত্বের সুযোগ পাওয়া নোয়েল ত্রিপুরার সামনে এখন আরও বড় দায়িত্ব। তাঁর সতীর্থ, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের প্রত্যাশা, জাতীয় দলের জার্সিতে নিজের সেরাটা দিয়ে বাংলাদেশের বাস্কেটবলকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এই তরুণ আদিবাসী ক্রীড়াবিদ।

বান্দরবানের পাহাড় থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়—সেখান থেকে বাংলাদেশের জাতীয় বাস্কেটবল দল; নোয়েল ত্রিপুরার এই পথচলা দেশের আদিবাসী তরুণদের জন্যও হয়ে উঠতে পারে অনুপ্রেরণার গল্প।

এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও বিবেকবার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com