Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেকবার্তা

প্রচ্ছদ / সারাদেশ
২:২৮ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁর মান্দায় ‘জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় মান্দা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
মান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিযানের উদ্বোধন করেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ আতিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মোখলেছুর রহমান মকে, উপজেলা যুবদলের সভাপতি মোঃ আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু বলেন, “ডেঙ্গু একটি ভয়াবহ রোগ। কেবল প্রশাসনের একার পক্ষে এই রোগ প্রতিরোধ করা সম্ভব নয়। নিজ নিজ বাড়িঘর ও আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে আমাদের নিজেদেরই সচেতন হতে হবে। কোথাও যেন দীর্ঘসময় পানি জমে না থাকে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। সবাই মিলে সচেতন হলে আমরা মান্দা উপজেলাকে ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষা করতে পারব।”
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ আতিয়া খাতুন বলেন, “আজ থেকে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে এই অভিযান চলবে। পরিচ্ছন্নতা কর্মীরা নিয়মিত কাজ করবেন। তবে সাধারণ মানুষের সহযোগিতা ছাড়া এ কার্যক্রমের পূর্ণাঙ্গ সফলতা পাওয়া কঠিন। আসুন, আমরা সবাই মিলে একযোগে কাজ করি।”
আলোচনা সভা শেষে ডেঙ্গুর বাহক এডিস মশার বিস্তার রোধে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধন কার্যক্রমের প্রতীকী উদ্বোধন করা হয়। পাশাপাশি বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং লিফলেট বিতরণের মাধ্যমে সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন করা হয়।
কর্মসূচিতে বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি দ্রুত অপসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও বিবেকবার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম