বাংলাদেশকে ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রায় পৌঁছাতে এবং বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে রাখতে আন্তর্জাতিক পোশাক ও বস্ত্র খাতের যন্ত্রপাতির প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে বিজিএমইএ ও বিটিএমএ। ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল মেশিনারি এক্সিবিশন’ (বিআইটিএমএ) শীর্ষক এই যৌথ আয়োজনের লক্ষ্যে মঙ্গলবার রাজধানীর গুলশান ক্লাবে দুই সংগঠনের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান ও বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন। এ সময় উপস্থিত ছিলেন বিটিএমএর সাবেক সভাপতি এ মতিন চৌধুরী, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির (বিসিআই) সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী (পারভেজ) এবং বিজিএমইএর সহসভাপতি (অর্থ) মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ প্রদর্শনীর মূল উদ্দেশ্য হলো—অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সর্বাধুনিক প্রযুক্তি এবং টেকসই ফ্যাশনের মাধ্যমে দেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতকে পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর আধুনিকায়নের দিকে নিয়ে যাওয়া।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, “বিশ্বজুড়ে এআই ও গ্রিন টেকনোলজির যে বিপ্লব চলছে, সেখানে বাংলাদেশকে শীর্ষে রাখাই আমাদের লক্ষ্য। যৌথ এই উদ্যোগ উচ্চমূল্যের পণ্য উৎপাদনে সহায়তার পাশাপাশি টেকসই পোশাক উৎপাদনে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।”
বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, “এই সমঝোতা শুধু প্রদর্শনীর আয়োজন নয়, বরং প্রযুক্তিগত রূপান্তর ও বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের একটি স্থায়ী প্ল্যাটফর্ম। বিশ্বমানের প্রযুক্তি সরবরাহকারীদের ঢাকায় এনে স্থানীয় প্রস্তুতকারকদের বৈশ্বিক বাজারে কয়েক ধাপ এগিয়ে দেওয়াই আমাদের উদ্দেশ্য।”