Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেকবার্তা

প্রচ্ছদ / অর্থনীতি
১১:০২ পিএম, ২৯ জুলাই ২০২৬

বাংলাদেশ-জাপান পিপিপি প্ল্যাটফর্মের ৮ম সভা: দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে নতুন অঙ্গীকার

বাংলাদেশ-জাপান পিপিপি প্ল্যাটফর্মের ৮ম সভা: দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে নতুন অঙ্গীকার
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বাংলাদেশ ও জাপানের মধ্যে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) খাতে সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে বাংলাদেশ-জাপান যৌথ পিপিপি প্ল্যাটফর্মের (Bangladesh-Japan Joint PPP Platform) ৮ম সভা বুধবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সভায় চলমান প্রকল্পের অগ্রগতি, নতুন অবকাঠামো প্রকল্প অন্তর্ভুক্তি এবং ভবিষ্যৎ সহযোগিতার অগ্রাধিকার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। এছাড়া উপস্থিত ছিলেন পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আশিক চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (সচিব পদমর্যাদা) ড. মো. শাকিরুল ইসলাম খান এবং জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

জাপানের পক্ষ থেকে সভায় অংশ নেন দেশটির প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি, জাপানের ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের (MLIT) সহকারী ভাইস মিনিস্টার ফুজিতা মাসাকুনি ও নাকায়ামা রেইকোসহ উভয় দেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও উন্নয়ন সহযোগীরা।

সভায় কমলাপুর মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাব (MmTH), হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩-এর অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স, আউটার রিং রোড প্রকল্প এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের স্থানীয় সেতু উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এসব প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নে বিদ্যমান চ্যালেঞ্জ দ্রুত সমাধান এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারে উভয় দেশ পুনরায় অঙ্গীকার ব্যক্ত করে।

এ সময় শরীয়তপুর-চাঁদপুর সেতু এবং বরিশাল-ভোলা সেতু প্রকল্পকে বাংলাদেশ-জাপান যৌথ পিপিপি প্ল্যাটফর্মের নতুন প্রকল্প হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। পাশাপাশি চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্জ্য থেকে বিদ্যুৎ (Waste-to-Energy) প্রকল্প প্ল্যাটফর্মে অন্তর্ভুক্তির প্রস্তাবও জাপান প্রতিনিধি দল উপস্থাপন করে।

অন্যদিকে, বাংলাদেশের প্রস্তাবিত ভোলা-লক্ষ্মীপুর সেতু প্রকল্পে জাপান দৃঢ় আগ্রহ প্রকাশ করে। দক্ষিণাঞ্চলের আঞ্চলিক সংযোগ, বাণিজ্য সম্প্রসারণ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে প্রকল্পটির কৌশলগত গুরুত্বের স্বীকৃতি দেয় দেশটি। এছাড়া জাপানের কারিগরি সহযোগিতায় বাংলাদেশের পুরোনো রেলওয়ে সেতুগুলোর পুনর্নবীকরণ সংক্রান্ত একটি প্রস্তাবও সভায় পর্যালোচনা করা হয়।

সভায় বক্তব্যে পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা আশিক চৌধুরী বলেন, বাংলাদেশ-জাপান পিপিপি অংশীদারিত্ব এখন একটি নির্ভরযোগ্য ও কার্যকর প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, যা দেশের রূপান্তরমূলক অবকাঠামো উন্নয়ন এবং মানসম্মত বিদেশি বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সমাপনী বক্তব্যে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার বাংলাদেশ-জাপান যৌথ পিপিপি প্ল্যাটফর্মের প্রতি সরকারের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং অগ্রাধিকারভিত্তিক প্রকল্পসমূহের সফল বাস্তবায়নে সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা তুলে ধরেন।

সভা শেষে বাংলাদেশ ও জাপান কৌশলগত অবকাঠামো উন্নয়ন, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, আঞ্চলিক সংযোগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা আরও গভীর করার বিষয়ে পুনরায় অঙ্গীকার ব্যক্ত করে।

এ বিভাগের আরও খবর

কমল স্বর্ণের দাম
২ মাস আগে

Advertise with us
Advertise with us
আরও বিবেকবার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম