Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেকবার্তা

প্রচ্ছদ / জাতীয়
২:৩৯ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৬

অপ্রতিম হত্যার রহস্য উন্মোচনের দাবি পুলিশের

অপ্রতিম হত্যার রহস্য উন্মোচনের দাবি পুলিশের
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের রহস্য অনেকটাই উন্মোচিত হওয়ার দাবি করেছে পুলিশ। এ হত্যার ঘটনায় আটক দুই কিশোরকে জিজ্ঞাসাবাদ এবং উদ্ধার করা আলামত থেকে হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে অপ্রতিম হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবে জেলা পুলিশ।

তদন্ত কর্মকর্তাদের বলেছেন, প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য ও বিভিন্ন আলামত বিশ্লেষণ করে অপ্রতিমকে একটি আইফোনের জন্য হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের পেছনের পুরো ঘটনা সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, ‘আমরা পুরো ঘটনার বিস্তারিত রোববার দুপুর ১২টার সংবাদ সম্মেলনে তুলে ধরব। সেই পর্যন্ত সবাইকে অপেক্ষা করার অনুরোধ জানাচ্ছি।’

জানা যায়, গত শুক্রবার দুপুরে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে সে মায়ের আইফোনটি সঙ্গে নিয়ে বের হয়েছিল। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।

অপ্রতিম বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। নিখোঁজের পর তার সন্ধানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা শুরু করে।

তদন্তের একপর্যায়ে একটি সিসিটিভি ফুটেজে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে অপ্রতিমের সঙ্গে এক কিশোরকে দেখা যায়। পরে ওই কিশোরকে আটক করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে অপ্রতিমের সঙ্গে নিয়ে যাওয়া আইফোনটি উদ্ধার করা হয়।

এরপর গতকাল শনিবার আরও এক কিশোরকে আটক করা হয়। তাদের দুজনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

অন্যদিকে, গতকাল দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি নির্জন জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া যায়।

অপ্রতিমের মরদেহ উদ্ধারের পর থেকেই হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করে পুলিশ। এরই মধ্যে আইফোন উদ্ধার এবং দুই কিশোরকে আটকের ঘটনায় তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে মনে করছে পুলিশ।

এদিকে অপ্রতিমের মৃত্যুতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। আজ সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও বিবেকবার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com