রাখিবন্ধন মানেই ভাই-বোনের সম্পর্ক, ভালোবাসা ও পারিবারিক বন্ধনের উদ্যাপন। ঐতিহ্যবাহী এই উৎসবকে ভিন্নভাবে উপস্থাপন করতে গিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছে একটি গয়না ব্র্যান্ড ও এর বিজ্ঞাপনচিত্রের কেন্দ্রীয় চরিত্র বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। বিজ্ঞাপনে কৃতির পোশাক এবং একটি পোষা কুকুরকে রাখি পরানোর দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনদের একাংশ।
বিজ্ঞাপনটিতে কৃতিকে অফ-হোয়াইট রঙের ব্রালেটধর্মী ব্লাউজ, কেপ ও ড্রেপড স্কার্টে দেখা গেছে। উৎসবের চেনা আবহকে সমকালীন ফ্যাশনের সঙ্গে মেলানোর চেষ্টা করা হলেও পোশাকটিই হয়ে উঠেছে আলোচনার মূল কেন্দ্রবিন্দু। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন—একটি পারিবারিক ও ঐতিহ্যবাহী উৎসবের বিজ্ঞাপনে এমন পোশাকের আদৌ প্রয়োজন ছিল কি না। নেটিজেনদের একাংশের মতে, আধুনিকভাবে উপস্থাপন করতে গিয়ে বিজ্ঞাপনটি উৎসবের মূল আবহ ও সংস্কৃতি থেকে সরে গেছে।
এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘বিজ্ঞাপনে কৃতি শ্যানন অন্তর্বাসের মতো পোশাক পরে রাখি পরাচ্ছেন। আগে এতটা নগ্নতা স্বাভাবিক ছিল না।’ অন্য এক ব্যবহারকারী সরাসরি ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘ভাইকে রাখি পরানোর সময় এমন পোশাক পড়া অত্যন্ত দৃষ্টিকটু।’ এমনকি অনেকেই এটিকে উৎসবের ঐতিহ্য ও সংস্কৃতির পরিপন্থী বলে দাবি করেছেন।
পোশাকের পাশাপাশি বিজ্ঞাপনের আরও একটি দৃশ্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সেখানে কৃতিকে তাঁর পোষা কুকুরকে রাখি পরাতে দেখা যায়। পোষা প্রাণীকে পরিবারের অংশ হিসেবে দেখানোর উদ্দেশ্যে দৃশ্যটি শুট করা হলেও বিষয়টি ভালোভাবে নেননি দর্শকদের একাংশ। তাঁদের অভিযোগ, এই দৃশ্যের মাধ্যমে রাখিবন্ধনের মূল গুরুত্ব ক্ষুণ্ন করা হয়েছে এবং ভারতীয় উৎসবকে উপহাস করা হয়েছে।
ব্যাপক সমালোচনার পরও অভিনেত্রী কৃতি শ্যানন কিংবা সংশ্লিষ্ট গয়না ব্র্যান্ডের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা ব্যাখ্যা দেওয়া হয়নি।
উল্লেখ্য, কাজের সূত্রে কৃতি শ্যানন সম্প্রতি শহীদ কাপুর ও রাশমিকা মান্দানার সঙ্গে ‘ককটেল ২’ ছবিতে অভিনয় করেছেন। এর আগে ২০২৫ সালে ধানুশের বিপরীতে ‘তেরে ইশক মে’ চলচ্চিত্রে তাঁকে দেখা গিয়েছিল।