Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেকবার্তা

প্রচ্ছদ / জাতীয়
৬:১৮ পিএম, ১৩ জুলাই ২০২৬

রাজধানীতে টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় জনদুর্ভোগ, পুলিশের বিশেষ সতর্কতা

রাজধানীতে টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় জনদুর্ভোগ, পুলিশের বিশেষ সতর্কতা

টানা বৃষ্টির কারণে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

-প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

রাজধানী ঢাকায় টানা ভারী বৃষ্টিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যা জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে এই জলাবদ্ধতার ফলে সৃষ্ট যানজটে সাধারণ নাগরিক ও পরীক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

বৃষ্টিতে রাজধানীর নিচু এলাকাগুলোর অধিকাংশ সড়ক হাঁটু সমান পানিতে তলিয়ে গেছে। বিশেষ করে মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, পল্লবী, পুরান ঢাকা, বংশাল, নিউমার্কেট, কাকরাইল, কারওয়ান বাজার, নয়াপল্টন ও মতিঝিলমুখী সড়কে তীব্র জলাবদ্ধতা লক্ষ্য করা গেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, বনানী কবরস্থানের কাছে ঢাকা গেট সংলগ্ন মূল সড়ক, বনানী-কাকলী এক্সপ্রেসওয়ের র্যাম্প এবং ক্যান্টনমেন্ট গার্লস স্কুলের সামনের ইসিবি এলাকায় পানি জমে থাকায় যানবাহন চলাচলে ধীরগতি দেখা দিয়েছে। এছাড়া যমুনা ফিউচার পার্কের সামনের সড়কে বৃষ্টির পানির পাশাপাশি ঢাকা ওয়াসার পাইপলাইনের কাজ চলমান থাকায় যান চলাচল আরও সংকুচিত হয়ে পড়েছে।

আজ সোমবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রথম পত্র অনুষ্ঠিত হওয়ায় পরীক্ষার্থীরা জলাবদ্ধ রাস্তা মাড়িয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে গিয়ে মারাত্মক বিড়ম্বনার মুখে পড়েছেন। কর্মজীবী মানুষ এবং সাধারণ পথচারীরা দীর্ঘ সময় ধরে যানজটে আটকা পড়ছেন।

সাধারণ যাত্রীদের অভিযোগ, এই পরিস্থিতির সুযোগ নিয়ে রিকশা ও সিএনজিসহ অন্যান্য গণপরিবহনে দুই থেকে তিন গুণ বাড়তি ভাড়া দাবি করছে। বিভিন্ন স্থানে বৃষ্টির পানিতে গাড়ির ইঞ্জিন বিকল হয়ে পড়ায় যানজট পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ নগরবাসীকে গন্তব্যে পৌঁছানোর জন্য হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার পরামর্শ দিয়েছে। পুলিশের বার্তায় আরও বলা হয়েছে, বৃষ্টিপাত অব্যাহত থাকায় জলাবদ্ধতা আরও বাড়তে পারে। এ অবস্থায় নগরবাসীকে প্রয়োজনে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

সোমবার দুপুরে আবহাওয়াবিদ বজলুর রশিদ আমার দেশকে বলেন, আজ সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীতে ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি জানান, দেশের উত্তর-পূর্বাঞ্চলসহ ঢাকায় আরও ২-৩ দিন এমন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এরপর ৩-৪ দিন বৃষ্টির মাত্রা কিছুটা কমলেও সাগরে নতুন করে লঘুচাপ সৃষ্টির ফলে ১৮-১৯ জুলাইয়ের পর থেকে বৃষ্টিপাত পুনরায় বাড়ার সম্ভাবনা রয়েছে। এবারের বৃষ্টিপাতকে ‘অস্বাভাবিক’ হিসেবে উল্লেখ করে এই আবহাওয়াবিদ বলছেন, স্বল্প সময়ে অধিক বৃষ্টিপাতের কারণে পরিস্থিতি নাজুক হচ্ছে।

এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও বিবেকবার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com