ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাটিতে পাল্টা হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। রোববার দিবাগত রাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে এই আক্রমণ পরিচালিত হয়।
আইআরজিসি-র প্রকাশিত বিবৃতি অনুযায়ী, জর্ডানের ‘কিং হোসেন’ ও ‘আল-আজরাক’ ঘাঁটি লক্ষ্য করে এই অভিযান চালানো হয়। এতে শত্রুপক্ষের প্রযুক্তিগত অবকাঠামো এবং যুদ্ধবিমান মোতায়েন স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে তারা। এই পদক্ষেপকে ‘আগ্রাসী শক্তির জন্য শাস্তি’ হিসেবে আখ্যায়িত করে সংস্থাটি হুঁশিয়ারি দিয়েছে যে, ইরানের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের আরও কঠোর জবাব দেওয়া হবে।
অন্যদিকে জর্ডান সামরিক বাহিনী জানিয়েছে, তাদের আকাশসীমায় প্রবেশ করা আটটি ক্ষেপণাস্ত্র তারা সফলভাবে ভূপাতিত করেছে।
উল্লেখ্য, এর আগে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির লারাক দ্বীপে রকেটের সাহায্যে মাইন স্থাপনের প্রস্তুতিকালে ইরানের দুটি লঞ্চার লক্ষ্য করে হামলা চালায় মার্কিন বাহিনী। ওই হামলায় সামরিক ও বেসামরিক লোক হতাহতের ঘটনার পরই মধ্যপ্রাচ্যে এই পাল্টা হামলার ঘটনা ঘটল।