একাধিক প্রার্থী থাকায় ৩৫ বছর পর আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। বিকেল ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদকক্ষে চলবে এ ভোট গ্রহণ। ভোটার মোট ৩৪৯ জন সংসদ সদস্য।
এ নির্বাচনে রাষ্ট্রপতি পদে প্রার্থী হয়েছেন দুইজন—ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ। ৩৫০ আসনের সংসদে বর্তমানে ৩৪৯ জন সদস্য রয়েছেন (আইনি জটিলতায় চট্টগ্রাম-৪ আসনের ফল স্থগিত)। এর মধ্যে বিএনপির একক সদস্য সংখ্যা ২৪৭। ফলে সংখ্যার সমীকরণে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিজয় কার্যত নিশ্চিত হলেও তফসিল অনুযায়ী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে ভোট নেওয়া হচ্ছে।
সংবিধান অনুযায়ী, পদত্যাগের কারণে পদ শূন্য হওয়ায় এ নির্বাচন আয়োজিত হচ্ছে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
ভোটগ্রহণের নিয়মাবলী
১৯৯১ সালে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর সে বছরই প্রথম রাষ্ট্রপতি পদে ভোট অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে টানা সাতজন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। আজ ভোট গ্রহণ শেষে সংসদ কক্ষেই ফলাফল ঘোষণা করা হবে এবং আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় নতুন রাষ্ট্রপতি বঙ্গভবনে শপথ গ্রহণ করবেন।