তিনজন শ্রোতার সামনে এক ঘণ্টা গান গেয়ে এক মিলিয়ন ডলার পারিশ্রমিক নিয়েছিলেন মার্কিন সংগীতশিল্পী একন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১২ কোটি টাকারও বেশি। সম্প্রতি ‘ফ্ল্যাগর্যান্ট’ পডকাস্টে ক্যারিয়ারের এই অদ্ভুত কনসার্টের অভিজ্ঞতা জানিয়েছেন তিনি।
মধ্যপ্রাচ্যের একটি ধনী পরিবারের ব্যক্তিগত অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়েছিলেন একন। পরিবারের এক মেয়ে তার ভীষণ ভক্ত হওয়ায় মূলত তার আবদারেই আয়োজন করা হয়েছিল কনসার্টটির। তবে আয়োজনের ব্যাপকতা দেখে একনও ধারণা করেছিলেন, সেখানে বড় সংখ্যক দর্শক-শ্রোতা উপস্থিত থাকবেন।
কনসার্টে একনের পুরো ট্যুরিং দলও উপস্থিত ছিল। সাউন্ড ইঞ্জিনিয়ার, লাইটিং টিম, রোড ম্যানেজার ও বিজনেস ম্যানেজারসহ তার দলের সদস্যদের জন্যও ছিল প্রয়োজনীয় সব ব্যবস্থা। কিন্তু শেষ পর্যন্ত অনুষ্ঠানে শ্রোতা ছিলেন মাত্র তিনজন।
একন জানান, ওই পরিবারের মেয়েটির বিশেষ অনুরোধে তাকে পুরো এক ঘণ্টা নিজের জনপ্রিয় গান ‘মিস্টার লোনলি’ বারবার গাইতে হয়েছিল। এত বড় আয়োজনের বিপরীতে মাত্র তিনজনের সামনে গান গাওয়ার অভিজ্ঞতাকে ক্যারিয়ারের অন্যতম অদ্ভুত কনসার্ট হিসেবে বর্ণনা করেছেন তিনি।
অনুষ্ঠানে যাওয়ার জন্য একনের জন্য পাঠানো হয়েছিল বিশেষ একটি ৭৪৭ উড়োজাহাজ। একনের ভাষ্য, উড়োজাহাজটিতে ছিল শোবার ঘর, শাওয়ার, গেম রুম ও থিয়েটার। এত বড় আয়োজন দেখে তিনি ভেবেছিলেন, অনুষ্ঠানে নিশ্চয়ই অনেক দর্শক থাকবেন।
কিন্তু মঞ্চে যাওয়ার পর একনের সেই ধারণা বদলে যায়। বিশাল একটি হলের মধ্য দিয়ে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে ছিল বিশাল মঞ্চ, এলইডি লাইট, লেজারসহ নানা আয়োজন। অথচ দর্শকদের জন্য রাখা হয়েছিল মাত্র তিনটি চেয়ার।