যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের সঙ্গে সামরিক সংঘাতে না গিয়ে একটি সমঝোতায় পৌঁছাতে চান।
তার মতে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান আলোচনা সফল হলে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলা এড়ানো যেতে পারে।
লাস ভেগাসে এক জনসমক্ষে আয়োজিত অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘আমি ইরানের সঙ্গে একটি সমঝোতা করতে চাই। আমি মানুষ হত্যা করতে চাই না।’
তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা ইতিবাচক ফল আনতে পারে। এ আলোচনা সফল হলে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান চালানোর প্রয়োজন নাও হতে পারে।
এদিকে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানের সঙ্গে চলমান আলোচনা জটিল এবং এতে কিছুটা সময় লাগবে। তবে শেষ পর্যন্ত একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে বলে তিনি আত্মবিশ্বাস প্রকাশ করেছেন।
তার ভাষ্য, সেই সমঝোতা যুক্তরাষ্ট্রের জনগণের জন্য ইতিবাচক হবে।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, ‘এটি জটিল হবে এবং সেখানে পৌঁছাতে সময় লাগবে।’
তিনি বলেন, ‘আজ তেলের দাম সম্ভবত ৭৯ ডলারে ছিল। এই তেলের দাম কমবে এবং কমই থাকবে।’
ভ্যান্স আরো বলেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। একই সঙ্গে এই প্রক্রিয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র আরো শক্তিশালী অবস্থানে যাবে।
তবে তিনি স্বীকার করেন, আলোচনার প্রক্রিয়া এখনো চলমান। এ কারণে এখনই এর চূড়ান্ত ফল নিয়ে আগাম মূল্যায়ন করা ঠিক হবে না।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, বিষয়টি শেষ পর্যন্ত এমন জায়গায় পৌঁছাবে, যা যুক্তরাষ্ট্রের জন্য ভালো হবে।’
তিনি আরো বলেন, ইস্যুটির কাঙ্ক্ষিত সমাধানে পৌঁছাতে যুক্তরাষ্ট্র তাদের হাতে থাকা সব ধরনের উপায় ব্যবহার করবে। এর মধ্যে সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক—সব ধরনের পদক্ষেপই অন্তর্ভুক্ত থাকবে।
সুত্র: আল-জাজিরা