Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেকবার্তা

প্রচ্ছদ / খেলাধুলা
১২:৩৪ পিএম, ৪ জুলাই ২০২৬

কেউ আপনাকে কিছু ফ্রি-তে দেবে না : মেসি

কেউ আপনাকে কিছু ফ্রি-তে দেবে না : মেসি

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে প্রায় হারিয়ে দিয়েছিল বিশ্বকাপের নবাগত কেপ ভার্দে। রুদ্ধশ্বাস ম্যাচে অতিরিক্ত সময়ের গোলে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা।

কেপ ভার্দের বিপক্ষে কষ্টার্জিত জয়ের পর লিওনেল মেসি বলেন, ‘এই জাতীয় দল অনেক দিন ধরেই প্রমাণ করে আসছে, তারা লড়াই করে এবং শেষ পর্যন্ত লড়াই করবে। আজ সেট পিস থেকে গোলের গুরুত্ব ছিল, যেটা আমরা আগে কাজে লাগাতে পারছিলাম না। এমন ম্যাচে এটা গুরুত্বপূর্ণ। আমাদের ভালো হেডার আছে, সামনে ভালো খেলছে এমন লোকজনও আছে।’

তিনি আরও বলেন, ‘আজ আমরা এটার সুবিধা নিতে পেরেছি, আর এটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আক্রমণ ও রক্ষণ দুই দিকেই আমরা অনেক দিন ধরে এই বিষয়ে কাজ করছি। এমন প্রতিযোগিতায় এটা গুরুত্বপূর্ণ।’

এরপর নিজেদের সমালোচনা করে মেসি বলেন, একশ বিশ মিনিট ধরে কীভাবে কেপ ভার্দে তাদের বিপাকে ফেলেছিল। তিনি বলেন, ‘আমরা ভালোভাবে প্রেস করতে পারিনি, আমরা যখন ডিফেন্সিভ পিভট থেকে সেন্টার-ব্যাকের দিকে ঝাঁপ দিতে চেয়েছি, তখন লাইনগুলো অনেক দূরে ছিল, সেন্টার-ব্যাকদের জন্য সেটা অনেক লম্বা হয়ে গিয়েছিল।’

মেসি বলেন, ‘আমরা সমন্বয়হীন হয়ে পড়েছিলাম। তাদের কাছে বল ছিল না, তারপরও তারা আমাদের দৌড় করিয়েছে, কারণ আমরা ভালোভাবে প্রেস করতে পারিনি।’

রোজারিওর এই তারকা বলেন, তারা জানতেন এটা খুব কঠিন ম্যাচ হতে যাচ্ছে। কেপ ভার্দের সাম্প্রতিক ম্যাচগুলোর কথা তুলে ধরে তিনি বলেন, ‘এমনি এমনি তো এই দল স্পেন আর উরুগুয়ের সাথে ড্র করেনি। আমরা সবচেয়ে কঠিন কাজটা করেছি, প্রথম গোল পেয়েছি, আর ভেবেছিলাম এরপর আমরা আমাদের খেলাটা খুঁজে পাব। কিন্তু হয়েছে ঠিক উল্টো। আমরা বল হারিয়েছি, পিছিয়ে পড়েছি, ভালোভাবে প্রেস করতে পারিনি।’

তিনি আরও বলেন, ‘তারা তাদের অস্ত্র দিয়েই লড়াই করেছে। আমরা জানতাম এটা কঠিন হবে। এটা নকআউট, কেউ আপনাকে কিছু ফ্রি-তে দেবে না। যদিও আমরা নামের ভিত্তিতে দলগুলোকে বিচার করি, আমরা জানতাম এটা মোটেই সহজ হবে না। এবারের বিশ্বকাপ তো এটাই বলে দিচ্ছে আপনাকে। এটা খুবই সমান লড়াইয়ের, খুবই জটিল। সব ম্যাচই খুব কঠিন হতে যাচ্ছে। আজ আমরা যথারীতি অনেক পরিশ্রম করেছি, ভালো খেলি বা খারাপ খেলি। এখন গুরুত্বপূর্ণ হলো বিশ্রাম নেওয়া, সামনে কী আসছে সেটা নিয়ে ভাবা, ইতিবাচক দিকগুলো বের করা। সেগুলো আছে, কারণ আমরা ভালো কিছু কাজও করেছি। আর খারাপ দিকগুলো ঠিক করা, যেগুলো আমার মনে হয় আজ অনেক বেশি ছিল।’

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল স্কালোনির দল কষ্ট করলেও শেষ পর্যন্ত পৌঁছে গেছে শেষ ষোলোতে। এবার তাদের প্রতিপক্ষ মিশর, যারা পেনাল্টিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে এই পর্বে উঠেছে। আগামী মঙ্গলবার, ৭ জুলাই আটলান্টায় হবে এই লড়াই।

এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও বিবেকবার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com